নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। এরই অংশ হিসেবে ঝালকাঠি জেলার মোট ১৫৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছে ব্যাটালিয়নটি।
উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপগুলোর সিসিটিভি ব্যবস্থা তদারকি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়, ইউনিফর্ম ও সাদা পোশাকে নজরদারি, বডি-অন ক্যামেরার ব্যবহার এবং বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জরুরি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় স্থাপন করা হয়েছে একটি কন্ট্রোল রুম।
জরুরি প্রয়োজনে ০১৭৭৭-৭১০৮৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে এসআরবি-৮, বরিশাল।
এ উপলক্ষে ঝালকাঠির শ্রী শ্রী মদন মোহন ঠাকুরের আখড়াবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন শেষে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসআরবি-৮, বরিশালের অধিনায়ক জনাব মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ব্যাটালিয়নের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ব্যাটালিয়নের সদস্যরা সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
মিডিয়া ব্রিফিংয়ে শ্রী শ্রী মদন মোহন ঠাকুরের আখড়াবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অ্যাডভোকেট নির্মল কান্তি দে তরুণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এসআরবি-৮, বরিশালের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ব্যাটালিয়নের সদস্যরা পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..