উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী ফয়েজ উল্লার ঘাড়ের জটিল অস্ত্রোপচারের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক, দেশবরেণ্য স্নায়ুরোগ ও মেরুদণ্ড বিশেষজ্ঞ ডা. বশির আহমেদ খান হৃদয় এই চিকিৎসাসেবার সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়েজ উল্লা বেশ কিছুদিন যাবৎ ঘাড়ের নানা জটিলতায় কষ্ট পাচ্ছিলেন। তবে এই উন্নত ও ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটানো তাঁর পরিবারের সাধ্যের বাইরে চলে যায়। সহপাঠী ও এলাকাবাসীর মাধ্যমে খবরটি মতলব উত্তরের কৃতী সন্তান ডা. বশির আহমেদ খান হৃদয়ের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে সহায়তার আশ্বাস দেন।
পরবর্তীতে তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে ফয়েজের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন এবং সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করার সিদ্ধান্ত নেন।
সংকটকালে প্রখ্যাত এই চিকিৎসকের আন্তরিক উদ্যোগ ও ভালোবাসায় অভিভূত ফয়েজের পরিবার। একই সাথে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের বন্ধু ফয়েজের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মতলব উত্তরের সন্তান ডা. বশির আহমেদ খান হৃদয়ের এই নিঃস্বার্থ মানবসেবার প্রতি তারা গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রিন্ট করুন ফটো কার্ড