এম এ তুহিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ পৌরসভার কৃষি ব্যাংক-সংলগ্ন কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাজলিসুল মুফাসসিরীনের মুন্সীগঞ্জ জেলা প্রধান উপদেষ্টা মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের ঢাকা বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুল মান্নান আনসারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির মাজেদী, মুন্সীগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী, জেলা সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজী।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ হেলালী।
বক্তারা বলেন, পবিত্র আল-কোরআনের তাফসির ও ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি কোরআনের শিক্ষার আলোকে সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। এ ক্ষেত্রে মুফাসসিরদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোরআনের সঠিক শিক্ষা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে ন্যায়বিচার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সচেতন করতে হবে।
তারা আরও বলেন, সমাজ থেকে অশান্তি, অনাচার ও অবিচার দূর করতে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের শিক্ষা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। কোরআনভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠায় মুফাসসিরদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
সম্মেলনে কোরআনের শিক্ষা প্রচার, তাফসিরের মাধ্যমে মানুষের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..