নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং নিয়মিত মামলায় একজনসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) মতলব উত্তর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কামাল পাটোয়ারী (৪২) ও মজিব প্রধান (৩০)-এর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মো. দুখু মিয়া (৩৮) ও ইব্রাহীম (৩০)-এর কাছ থেকে আরও ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ তাঁদের চারজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।
অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানামূলে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং নিয়মিত মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অভিযানে মোট আটজন গ্রেপ্তার হন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্যসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, “মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলে পুলিশ বদ্ধপরিকর।”
তিনি আরও জানান, মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ দমনে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..