মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে "সাহিত্যে মনন, সংস্কৃতিতে শেকড়, চিন্তায় মুক্তি, চেতনায় প্রগতি"—এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামাল।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. নাজমুল আমীন মজুমদার। এ সময় সাহিত্য ক্লাবের শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প ও স্মৃতিকথা নিয়ে সম্পাদিত "সৃজন তরী" নামের একটি সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকাসহ নানা পরিবেশনার মাধ্যমে বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলেন।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাসের সভাপতিত্বে এবং শিক্ষার্থী রোজা, আতিফ ও স্পর্শের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এবং স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান সারোয়ার হোসেন রোমান সরকার প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্বরচিত গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, সুন্দর হাতের লেখা এবং বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন।
প্রিন্ট করুন ফটো কার্ড