২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চাকরিচ্যুত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর ঢাকার উত্তরখানের কাছে তুরাগ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উত্তরায় পরিবারের সঙ্গে থাকতেন তাহসিফ। গত ২৭ অক্টোবর তিনি হঠাৎ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে টঙ্গী নৌ পুলিশ লাশটি উদ্ধার করে এবং পকেটে থাকা ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে।
উল্লেখ্য, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের গোপন ভিডিও চিত্রধারণ ও তা প্রকাশের অভিযোগে বিমানবাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চাকরিচ্যুত করা হয়েছিল, তাহসিফ সাউরি তাঁদের অন্যতম ছিলেন।
পরিবারের দাবি, এটি সাধারণ কোনো দুর্ঘটনা বা আত্মহত্যা নয়; ভিডিও ফাঁসের ঘটনার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ জানায়, সুরতহালে তাৎক্ষণিকভাবে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।
প্রিন্ট করুন ফটো কার্ড