শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে নেতৃত্বের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের আলোচনায় উঠে আসছে মো. শামসুদ্দিন শিকদারের নাম। রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় সরকার ব্যবস্থায় দায়িত্ব পালনের ইতিহাসের কারণে তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
শামসুদ্দিন শিকদার গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন। পরবর্তী সময়ে গোসিংগা ইউনিয়ন যুবদলের সভাপতি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং জেলা বিএনপির সদস্য হিসেবেও কাজ করেছেন।
ইউনিয়ন পরিষদের কার্যক্রমেও তার অভিজ্ঞতা রয়েছে। তিনি গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে যুক্ত থেকে শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। এসব অভিজ্ঞতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার পরিচিতির একটি গুরুত্বপূর্ণ দিক।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নেতৃত্বে নাগরিক সেবা, উন্নয়ন পরিকল্পনা ও জবাবদিহি গুরুত্বপূর্ণ বিষয়। ভোটাররা এসব বিষয় বিবেচনায় নিয়ে নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। ফলে শামসুদ্দিন শিকদারের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জনগণের ভোটে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..