গাজীপুরের শ্রীপুর উপজেলার ৭ নম্বর গোসিংগা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. শামসুদ্দিন শিকদার। তবে স্থানীয় জনগণ মনে করছেন, শেষ পর্যন্ত সাধারণ ভোটারদের মূল্যবান রাতেই ঠিক হবে এই ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব।
দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে শামসুদ্দিন শিকদারের। গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তাঁর রাজনীতির সূচনা। পরবর্তীতে তিনি গোসিংগা ইউনিয়ন যুবদলের সভাপতি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির গুরুদায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য হিসেবেও তিনি সক্রিয় ছিলেন।
স্থানীয় সরকারে জনপ্রতিনিধি হিসেবে কাজের প্রত্যক্ষ অভিজ্ঞতাও তাঁর রয়েছে। গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে তিনি একাধিকবার ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হন। পাশাপাশি প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব সামলেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থেকে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রেখেছেন। এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজেও তাঁর সক্রিয় উপস্থিতি দেখা যায়।
এসব কাজের ভিত্তিতেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাঁর নাম চর্চায় এসেছে। তবে সচেতন ভোটারদের মতে—প্রার্থীর অতীত অভিজ্ঞতার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সততা, জবাবদিহিতা এবং নাগরিক সেবা দেওয়ার সদিচ্ছাই হবে ভোট দেওয়ার মূল মানদণ্ড।
অবশেষে গোসিংগা ইউনিয়ন পরিষদের কাণ্ডারি কে হবেন, তা নির্বাচনের দিন জনগণের দেওয়া চূড়ান্ত রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে।
প্রিন্ট করুন ফটো কার্ড