মতলব (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বিকালে মতলব বাজার ম্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের ১ নম্বর সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া বলেন, “গুপ্ত এবং ফ্যাসিস্ট—এই দুই শক্তির চরিত্র একই। গত ১৭ বছরের দীর্ঘ ত্যাগের ইতিহাসকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।”
মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “যুবদল বা বিএনপি যেকোনো দলের নাম ভাঙিয়েই অপরাধ করা হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে যুবদল প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে।”
উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন সরকার শাওন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাগর, জেলা যুবদলের সভাপতি মানিক রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..