বিশেষ প্রতিনিধি, মতলব (চাঁদপুর):-চাঁদপুরের মতলব দক্ষিণে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আশ্বিনপুর আইডিয়াল একাডেমির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির সভাপতি জনাব কামাল হোসাইন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা এবং চাঁদপুর-২ (মতলব) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ডা. মো. আবদুল মবিন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মতলব দক্ষিণ শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ শাখার সহ-সভাপতি মো. আব্দুর রব পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য মো. সিরাজুল ইসলাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আবদুল মবিন বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড এবং প্রাথমিক শিক্ষা হলো সেই মেরুদণ্ডের ভিত্তিপ্রস্তর। আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও আশ্বিনপুর আইডিয়াল একাডেমি যেভাবে সুশৃঙ্খল পরিবেশে শিশুদের মেধা বিকাশে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগী মনোভাব গড়ে তোলে।"
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, "শুধু ফলাফলের পেছনে না ছুটে শিশুদের নৈতিক শিক্ষা, সততা ও মানবিক গুণাবলি ফুটিয়ে তুলতে সাহায্য করুন। একটি সুশিক্ষিত ও মাদকমুক্ত সমাজ গঠনে দক্ষ নাগরিক গড়ার কোনো বিকল্প নেই।"
অনুষ্ঠানের অন্যান্য বক্তারাও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী আশ্বিনপুর আইডিয়াল একাডেমির কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন ফটো কার্ড