নিজস্ব প্রতিবেদক, বরিশাল জেলা
শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য দাবিনামা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বানে বরিশালের পদ্মা ব্লোয়িং লিমিটেড কারখানায় গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত এ গেট মিটিংয়ে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম গাজী।
এতে বক্তব্য দেন ইউনিয়নের উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত এবং পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠুন হাওলাদারসহ অন্যরা।
বক্তারা বলেন, গত ১৭ সেপ্টেম্বর পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বেতন বৃদ্ধিসহ সাত দফা দাবি কর্তৃপক্ষের কাছে পেশ করেন। এরপরই ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তারা অভিযোগ করেন। এর আগেও গত বছর দাবিনামা পেশের পর ইউনিয়নের সভাপতির ওপর হামলার ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেন বক্তারা।
তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি উত্থাপনের কারণে ইউনিয়ন নেতৃবৃন্দকে হয়রানি করা অনভিপ্রেত। এ ধরনের চক্রান্ত-ষড়যন্ত্র বন্ধ করে শ্রমিকদের সাত দফা দাবিনামা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে কারখানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..