মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য নিশ্চিতপুর যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিশ্চিতপুর রবি টাওয়ার সংলগ্ন বালুর মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
নিশ্চিতপুর বায়তুল নূর জামে মসজিদের উপদেষ্টা আব্দুল সাত্তার মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান ইমু সরকার। খেলার উদ্বোধন করেন ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরফান হোসেন ভুট্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিটু।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান ইমু সরকার বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
টুর্নামেন্টে পাহাড়ের চক যুব কল্যাণ ক্রীড়া সংগঠন এবং ঐক্য সফলতা সমবায় সমিতি জিনাইয়া অংশগ্রহণ করে।
শামীম মিয়াজী মতলব উত্তর উপজেলা প্রতিনিধি:-