নিজস্ব প্রতিবেদক (শামীম আহমেদ জয়):-নিজস্ব মেধা, শ্রম ও উদ্যমকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা সফল নারীদের স্বীকৃতি ও উৎসাহ জোগাতে অনুষ্ঠিত হয়েছে ‘নারী উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৭৫ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি চারজন অসচ্ছল নারী উদ্যোক্তার হাতে কর্মসংস্থানের সহায়তার জন্য সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল মৌরী অডিটোরিয়ামে ‘মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটি’র উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অনুষ্ঠান নির্মাতা ড. জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি শামীমা কবীরের সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা সৈয়দা শামীমা সুলতানা হ্যাপির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রোমেনা পারভীন, সহ-সভাপতি শামীমা আক্তার কুসুম, মেলা পরিচালক মাহফুজা আক্তার, মনোয়ারা বেগম পলি ও ফাহিমা সুলতানা পারভীন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অনন্য সফলতা ও অবদান রাখায় দেশের ৭৫ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে চারজন অসচ্ছল নারী উদ্যোক্তার স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, নারীরা কেবল পারিবারিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নন; বরং নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এ ধরনের আয়োজন নারী উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন নারীদের উদ্যোক্তা হতে এবং নিজেদের পায়ে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।