“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম শরিফ এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হক তালুকদার চান মিয়াসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দেশের সামগ্রিক উন্নয়নে যুবকদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রমের অংশ হিসেবে ৭ জন দক্ষ যুবকের মাঝে মোট ৫ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।