শ্রীপুর প্রতিনিধি
ছাত্ররাজনীতি থেকে শুরু করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক দায়িত্ব—দীর্ঘ পথচলা রয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামসুদ্দিন শিকদারের।
রাজনৈতিক জীবনের শুরুতে তিনি গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত হন। পরে গোসিংগা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও কাজ করেছেন তিনি। গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।
এ ছাড়া একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন এবং একটি মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকার তথ্য পাওয়া গেছে।
এই রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় এসেছে। তবে অতীতের দায়িত্ব ও অভিজ্ঞতার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, জনসম্পৃক্ততা এবং ভোটারদের আস্থা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।