মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে আয়োজিত ‘টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টে’র সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার জমজমাট ফাইনালে জয়লাভ করে ট্রফি ছিনিয়ে নেয় ‘বন্ধুমহল একতা একাদশ’।
উক্ত ক্রিকেট প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহ আলম লস্কর। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখতে পারলে যুবসমাজকে অনৈতিক পথ ও মাদকের কুপথ থেকে দূরে রাখা সম্ভব। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে নিয়মিত এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা প্রয়োজন এবং এ জাতীয় শুভ উদ্যোগে আমার পক্ষ থেকে সব ধরনের সমর্থন ও সহায়তা অব্যাহত থাকবে।”
আয়োজনটির মূল পৃষ্ঠপোষকতায় ছিলেন গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের সভাপতি মো. খায়রুল ইসলাম মাসুদ এবং খেলায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মহিব উল্লাহ জয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন মতলব উত্তর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির প্রতিনিধি ও প্রধান শিক্ষক আশিকুজ্জামান, রাসেল জমাদ্দার, সাংবাদিক ইসমাইল খান টিটু, মনির হোসেন মামুন, ইঞ্জিনিয়ার তাইজুল ইসলাম, আলামিন দেওয়ান, রিপন প্রধান, মিনহাজ জিতু ও বিল্লাল প্রধানসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন মো. সুমন সরকার, মো. আক্তার প্রধান, জুলহাস প্রধান, শান্ত প্রধান এবং মোফাজ্জল প্রধান।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলার প্রতি অনুরাগী করে তোলা, সামাজিক মেলবন্ধন দৃঢ় করা এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করাই ছিল এই টুর্নামেন্টের প্রধান উদ্দেশ্য। সুন্দর ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ভবিষ্যতেও এ ধরণের ক্রীড়া প্রতিযোগিতা বজায় রাখার দৃঢ় ব্যক্ত করেন তাঁরা।