গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আকরামুল ইসলাম রহি (১৬) নামের এক কিশোরের অকাল মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকরামুল ইসলাম রহি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর গ্রামের প্রয়াত হেলাল উদ্দিন শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আকরামুল মোটরসাইকেল চালিয়ে কুমিল্লামুখী লেনে যাচ্ছিলেন। চর বাউশিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সামনে থাকা একটি অজ্ঞাত যানবাহনের পেছনে প্রচণ্ড জোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এক লহমায় তরুণ প্রাণ প্রদীপ নিভে যাওয়ার সংবাদে নিহতের পরিবার ও নিজ গ্রাম সুন্দরপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত যানটি শনাক্তসহ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।