গাজীপুর প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি। নতুন এই কমিটিতে আবু রায়হান মিসবাহকে আহ্বায়ক এবং আবুল কাশেমকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন পায়।
আজ বুধবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন দেওয়ান মাহবুব পনির। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আল-আমিন ও আইনজীবী আসাদুল্লাহ বাদল। এছাড়া আসাদুল ইসলাম ইমনকে যুগ্ম সদস্যসচিব, আইনজীবী রাশিদুল ইসলাম রবিকে সাংগঠনিক সম্পাদক এবং রফিকুল ইসলাম রায়হানকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে নির্ধারিত তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই অনুমোদনপত্র জারি করা হয়।
নতুন এই নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে গাজীপুরে এনসিপির সাংগঠনিক তৎপরতায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করাই এখন নতুন নেতৃত্বের মূল চ্যালেঞ্জ।