মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. ফরহাদ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার বাহেরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ফরহাদ ওই গ্রামের আব্দুল কুদ্দুস সোহেল ও আলমতাজ বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল চর ওয়েস্টার বাহেরচর গ্রামে ফরহাদের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ফরহাদ নিজ হাতে তার কাছে থাকা অস্ত্রটি বের করে দেয়। পরবর্তীতে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মতলব উত্তর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।