কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি পরিবারের বসতবাড়ি ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই আগুনের তীব্র শিখা ও ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান, তবে ততক্ষণে মোহন শেখ, আমিরুদ্দিন সর্দার, আব্দুর রহিম ও রিপনসহ মোট ১২টি পরিবারের বাড়িঘর আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি ক্ষতিগ্রস্তরা। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এদিকে খবর পেয়ে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করেন। পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরণের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়া এই পরিবারগুলোর দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগে পুনর্বাসন ও খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।