নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাকে ডেকে পাঠান এবং পদত্যাগের এই নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে গত শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমেই তিনি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করে বলছেন, ‘এই ধর ধর ধর...।’ এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের একজনের গলায় শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’
ভিডিওর কিছু অংশে ইশরাকের হাতের পিস্তল অস্পষ্ট রাখা হলেও অন্য অংশে তা স্পষ্ট দেখা যায়। এছাড়া তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তির হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায় এবং আটককৃতদের পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্যও ভিডিওতে রয়েছে।