মতলব সংবাদদাতা:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় একটি নৌকাসহ দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের আওতাধীন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বাহেরচর, বোরচর ও চর ওমেদ এলাকায় এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে আনোয়ার হোসেন (৪০) নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা নৌকাটি পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।